জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সপ্তাহব্যাপী সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। নিউ এজ জানিয়েছে, তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে লন্ডনের একটি বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে শুক্রবার সকাল ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা। সফরে তার সঙ্গে আছেন দলের আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
সফরকালে নাহিদ ইসলাম যুক্তরাজ্যের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এ ছাড়া ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সফরসূচির অংশ হিসেবে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, তা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এ ছাড়া ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। এনসিপি আহ্বায়কের ২১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।








