৪ ঘণ্টা বন্ধের পর সচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা

Published: November 14, 2026, 3:47 am

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অবশেষে দেশজুড়ে বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে আকস্মিকভাবে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দিলে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করা হয়। দীর্ঘ চার ঘণ্টা ১০ মিনিট পর রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হয় এবং বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্যমতে, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে বড় ধরনের অসংগতি লক্ষ্য করা যায়। অতিরিক্ত তথ্যের চাপে নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ায় এই জটিলতা সৃষ্টি হয়। তবে এই ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল বা ট্র্যাকনসহ সব নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রয়েছে। তবে বিঘ্নিত ফ্লাইটগুলো পুনরায় সময়সূচি অনুযায়ী ফিরিয়ে আনতে আগামী কয়েক দিন পর্যন্ত এর প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

এই বিভ্রাটের পেছনে কোনো ধরনের সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। এছাড়া মাইক্রোসফটের সাম্প্রতিক বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এর আগে একাধিক সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে।

পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকেই এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এফএএর পক্ষ থেকে জানানো হয়েছে, রাউটারগুলোতে তথ্য প্রবাহের অতিরিক্ত চাপে সিস্টেম অস্থিতিশীল হয়ে পড়ে। এই পরিকাঠামোকে আধুনিকায়ন করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলারের বিশাল অংকের তহবিল বরাদ্দের দাবি জানিয়েছে সংস্থাটি। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, এই নিষেধাজ্ঞার ফলে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগে থেকেই তার ফ্লাইট বাতিল ছিল, আর শুক্রবারের এই ঘটনার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।