দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে খোলনলচে বদলে ফেলার পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সাড়ে আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো দলটির গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো আদর্শিক কঠোরতা থেকে বেরিয়ে এসে একটি উদার ও গণমুখী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়া। এই পরিকল্পনার অংশ হিসেবে দলের বাইরে থেকে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
এই উদ্যোগের ফলে জামায়াতের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হতে পারে। ঐতিহ্যগতভাবে দলটির যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরার ওপর নির্ভরশীলতা থাকে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, শপথপ্রাপ্ত রুকন না হলে বাইরের কারো এই ফোরামগুলোতে যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে এবার সেই প্রথা ভেঙে রুকন হওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার পথে হাঁটছে প্রধান এই বিরোধী দলটি।
এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। সাবেক সামরিক ও বেসামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এই পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন।
জামায়াত সূত্র বলছে, ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতার মতো বিশেষ পেশাজীবী খাতগুলোতে দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতেও নজর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। দলের এই ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় ৫শ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন, যেখানে প্রধান অতিথি থাকবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বর্তমানে একটি বিশাল টিম কাজ করছে। বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সেখানে সংগঠনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে দেশ পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সংকটগুলোর টেকসই সমাধান খোঁজার জন্যও কাজ করছে দলটি। গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন পাওয়ার পর রুকন সম্মেলনে চূড়ান্ত করা হবে। তবে রুকন সংখ্যা বেশি হওয়ায় প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।








