যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থা শুক্রবারের বড় ধরনের বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। দেশটির আকাশসীমায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবারও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক রুটে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল তা শুক্রবারের তথ্যে স্পষ্ট। সেদিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং দেশটিতে আসা-যাওয়া করা ৭ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বের শিকার হয়। যদিও শুক্রবার সন্ধ্যা থেকে কিছু বিমান চলাচল ফের শুরু হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় প্রয়োজন।
বড় বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাতিল হওয়া ফ্লাইটের চাপ এবং উড়োজাহাজের জট কাটানো বেশ কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী বা ক্রুদের পুনর্নির্ধারণ করাটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সপ্তাহান্তজুড়েও বিমান যাত্রীরা বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।








