ভারতে মৃত কুকুরের মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, চাঞ্চল্য

Published: November 15, 2026, 3:25 am

ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলার মানেস্বর চকের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো একটি কুকুরের মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তার পাশে পড়ে থাকা মৃত কুকুরটির মাংস খাওয়ার সময় ওই ব্যক্তিকে স্থানীয়রা দেখতে পান।

ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন এবং চরম দারিদ্র্য বা ক্ষুধার তাড়নায় তিনি এমন অমানবিক আচরণ করেছেন। তার এমন পরিস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হৃদয়বিদারক এই ঘটনাটি ভারতে চরম দারিদ্র্য, মানসিক স্বাস্থ্য ও ছিন্নমূল মানুষের দুর্দশার বিষয়টি পুনরায় সামনে নিয়ে এসেছে। রাস্তার পাশে এমন অস্বাস্থ্যকর ও বেদনাদায়ক দৃশ্য প্রত্যক্ষ করে অনেকেই স্তম্ভিত। ন্যূনতম মৌলিক সহায়তা না পাওয়ার কারণে একজন মানুষ ঠিক কোন পরিস্থিতিতে এমন চরম পর্যায়ে পৌঁছাতে পারেন, তা নিয়ে জনমনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।