ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের ‘দুই শর্ত’ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হয়নি এবং নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত বা প্রস্তাবও দেওয়া হয়নি।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত থাকতে পারে। একটি হলো, তিনি যেহেতু বাংলাদেশের সামরিক বাহিনীর উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে। অন্যটি হলো, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাকে আপিলের সুযোগ দিতে হবে এবং তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে এসব শর্তের কোনো ভিত্তি নেই এবং প্রতিবেদনটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি।
শামা ওবায়েদ জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টির আইনি ও কারিগরি দিক খতিয়ে দেখছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার মনে করে, অন্য যেকোনো অভিযুক্ত ব্যক্তির মতো হাসিনাকেও চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা উচিত, যাতে তিনি সাজা ভোগ করতে পারেন। ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানালে বাংলাদেশ তা গ্রহণ করে সে অনুযায়ী জবাব দেবে বলেও জানান তিনি।
হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিক হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট পাওয়ার অধিকারী হন না, বিশেষ করে তিনি গুরুতর অপরাধে দণ্ডিত হলে। তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বড়; দুই দেশের মধ্যে থাকা বিষয়গুলো কূটনীতির মাধ্যমে সমাধান করা হবে। তবে ভারতে থেকে হাসিনার তৎপরতা বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে হলে সরকার তা উপেক্ষা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বৈঠকটি বাতিল হয়নি। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে তা পরে অনুষ্ঠিত হবে। বাতিলের খবরকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।








