ড্রেজিংয়ে ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথের যাত্রীরা: সংসদে নৌপরিবহনমন্ত্রী

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 8:40 অপরাহ্ন

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে গত ১৫ বছরে নদী খনন বা ড্রেজিং খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থে পরিচালিত সংরক্ষণ ড্রেজিংয়ের ফলে বিভিন্ন নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে এবং এর সুফল পাচ্ছেন যাত্রী ও নৌপথ ব্যবহারকারীরা বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। রানু জানতে চেয়েছিলেন, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত নৌপরিবহন খাতে ড্রেজিংয়ের নামে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হয়েছে কি না এবং অনিয়ম হলে সরকার তদন্ত করে পদক্ষেপ নেবে কি না।

জবাবে নৌপরিবহনমন্ত্রী জানান, ওই ১৫ অর্থবছরে ড্রেজিংয়ের রাজস্ব খাতে মোট বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। এসব অর্থ দিয়ে বিভিন্ন নৌপথে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালিত হয়েছে এবং বরাদ্দের যথাযথ ব্যবহারের ফলে সংশ্লিষ্ট নৌপথগুলোতে যাত্রীদের চলাচলের সুবিধা বেড়েছে বলে তিনি জানান।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী সচল থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুটের নাম উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর রুট। এ ছাড়া টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট ও সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথেও ড্রেজিং করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া ও মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুট সচল রাখতেও সংরক্ষণ ড্রেজিং করা হয়েছে। পাশাপাশি নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের বিভিন্ন নৌপথে নাব্যতা বজায় রাখতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংসদে দেওয়া জবাবে উল্লেখ করা হয়।