দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির ধাপ পেরিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এই পরীক্ষামূলক সংযোগের অর্থ এখনই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক সরবরাহের পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে প্রথম ইউনিটের বিদ্যুৎ। প্রকল্পসংশ্লিষ্টদের লক্ষ্য, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। অন্যদিকে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই সেই অনুমোদন দেওয়া হবে। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে বড় পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে।







