রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২৮ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রুয়েট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)—এই দুটি কেন্দ্রে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল।
গত ১৮ নভেম্বর বিকেলে ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির এক সভায় পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণ করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানিয়েছেন, আদালতের নির্দেশনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে জানুয়ারির এই তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়।
ভর্তি পরীক্ষা পদ্ধতি ও যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। প্রাথমিক বাছাই শেষে মেধার ভিত্তিতে মোট ১৮ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে এই শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
আবেদনের জন্য প্রার্থীদের ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে এবং প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকা বাধ্যতামূলক।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে, ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে অন্তত ‘বি’ গ্রেড থাকা আবশ্যক। এক্ষেত্রে ২০২৫ সালের নভেম্বর বা তার পরবর্তী সময়ে ‘এ’ লেভেলের সার্টিফিকেট অর্জনকারী হতে হবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও অন্যান্য সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটির পরবর্তী সভাগুলোতে চূড়ান্ত করা হবে।







