নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যে সহিংসতা ও নাশকতা চলছে, তা জনমনে গভীর উদ্বেগ ও ভীতি সঞ্চার করেছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত দেশের অন্তত ১৭টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, যার রেশ অব্যাহত ছিল বৃহস্পতিবার পর্যন্ত। এসব ঘটনায় এ পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন। পিরোজপুরে বাসে অগ্নিসংযোগে এক চালকের সহকারী, নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় দুজন এবং ফরিদপুরে কৃষক দলের এক কর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার এখন পর্যন্ত সংযমী ভূমিকা পালন করলেও, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ তৈরি হয়েছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টুঙ্গিপাড়া ও জেলা সদরসহ পুরো এলাকা কার্যত অরাজকতার কবলে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও নানা দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ায় খুলনা ও বাগেরহাটের সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সেই সঙ্গে মুকসুদপুর থানাতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া বিএনপির তিন সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, কে এম বাবর ও এস এম জিলানীর বাসভবন এবং এক সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, পুলিশ ও বিজিবির গাড়িতেও হামলা চালানো হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে নাশকতাকারীদের তৎপরতা চরম আকার ধারণ করেছে। কোথাও রেললাইন, কোথাও বিএনপির দলীয় কার্যালয়, আবার কোথাও সংসদ সদস্যদের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সাথে, এসব সহিংসতার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগের মতো পাল্টা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে অবশ্যই এই প্রতিশোধমূলক সহিংসতা কঠোর হাতে দমন করতে হবে, অন্যথায় বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া আরও জটিল হয়ে পড়বে।
সরকারকে অবিলম্বে এসব নাশকতায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জসহ অস্থিতিশীল জেলাগুলোতে দ্রুত প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আবশ্যক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ বা অভিযানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিহাসের আলোকে বলা যায়, বলপ্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে গেলে তা হিতে বিপরীত হতে পারে এবং সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে।
গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দীর্ঘমেয়াদে অরাজকতা চলতে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে তৈরি হওয়া শঙ্কা কাটাতে সরকারকে অবিলম্বে কার্যকর কৌশল ও দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।







