কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজ হওয়ার পর এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম রেদোয়ান হোসেন রিফাত। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন। পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে লালমাই বাজারে আবরাদ হাসান সজিব নামের এক তরুণ রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলা হয় বলে পরিবার জানিয়েছে। স্থানীয় সূত্রে আবরাদকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে বর্ণনা করা হয়েছে। বাবা দেলোয়ার হোসেন এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে পুলিশ জানিয়েছে, রেদোয়ানের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আবরাদকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে রেদোয়ানকে হেঁটে যেতে দেখা গেছে; তিনি নিজে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে মারা গেছেন কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ফুটেজটি পুলিশ সংগ্রহ করেছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। শুক্রবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।







