তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনে শ্রমিক, মালিক ও সরকারকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পোশাক খাতের ন্যূনতম মজুরি পর্যালোচনা ও সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে আইএলও বলেছে, চলমান অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকার পাশাপাশি ব্যবসা ও শিল্পসম্পর্কের ওপরও পড়ছে। সহিংসতা, ভাঙচুর ও উৎপাদনে বিঘ্নের খবরে গভীর উদ্বেগ জানিয়ে সংস্থাটি সব পক্ষকে উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডকে তার দায়িত্ব অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথাও বলেছে আইএলও।
সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ডকে স্বাগত জানিয়ে সংস্থাটি বলেছে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএলওর মজুরি নির্ধারণ কনভেনশন-১৯৭০ (নম্বর ১৩১) অনুযায়ী, মজুরি নির্ধারণে শ্রমিক ও তাঁদের পরিবারের চাহিদা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রভাবের পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দৈনিক সংগ্রামের প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা; শ্রমিক প্রতিনিধিরা তা বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর নির্ধারিত থাকলেও একজন সদস্য অসুস্থ হওয়ায় তা স্থগিত হয়; বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহান জানিয়েছেন, সভাটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং নতুন মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
মজুরি নীতিমালা আরও কার্যকর করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, তথ্য-উপাত্ত ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছে আইএলও। পাশাপাশি শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ক্রেতাসহ সরবরাহব্যবস্থার সব অংশীজনের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।








