নিউইয়র্কে সদবিজের নিলামে ভিনসেন্ট ভ্যান গঘের একটি বিখ্যাত চিত্রকর্ম বিক্রি হয়েছে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ মার্কিন ডলারে। সদবিজ জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত নিলামে ফিসহ এই দামে বিক্রি হওয়া ছবিটির নাম ‘শাতানিয়ে অঁ ফ্ল্যর’ বা ফোটা চেস্টনাট গাছ। ১৮৯০ সালে ফ্রান্সের ওভের-সুর-ওয়াজে আঁকা ছবিটি ডাচ এই পোস্ট-ইমপ্রেশনিস্ট শিল্পীর জীবনের শেষ সময়ের কাজগুলোর একটি, জানিয়েছে এএফপি।
দ্য আর্ট নিউজপেপারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির হাতুড়ি দাম ছিল ১৬ কোটি ৫০ লাখ ডলার, ফি যোগ হয়ে তা দাঁড়ায় ১৯ কোটি ৪ লাখ ডলারে। প্রায় পাঁচ মিনিটের বিডিং শেষে ছবিটি কিনে নেন নিলামকক্ষে উপস্থিত উইলিয়াম আকুয়াভেলা। এর আগে ভ্যান গঘের ছবির সর্বোচ্চ নিলাম রেকর্ড ছিল ১১ কোটি ৭২ লাখ ডলার, যা ২০২২ সালে নিউইয়র্কে ক্রিস্টিজের নিলামে ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ ছবির জন্য পাওয়া গিয়েছিল। নতুন এই বিক্রি নিলামে বিক্রি হওয়া চতুর্থ সর্বোচ্চ দামের চিত্রকর্ম হিসেবেও জায়গা করে নিয়েছে।
ছবিটি কয়েক দশক ধরে সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল। আর্জেন্টিনার ব্লাকিয়ে-আরিয়েতা পরিবারের সংগ্রহে থাকা ছবিটি ওই পরিবার ১৯৭৫ সালে কিনেছিল এবং অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তাদের কাছেই ছিল বলে জানিয়েছে সদবিজ। এই মৌসুমে নিউইয়র্কের নিলামঘরগুলোতে ওঠা সবচেয়ে মূল্যবান কাজ হিসেবেও ছবিটি আগেই আলোচনায় ছিল।
তবে নিলামের আগের দিন পর্যন্ত ছবিটির মালিকানা ইতিহাস নিয়ে একটি বিরোধ চলছিল। জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন, আর তাঁর পরিবার ১৯৩৬ সালে তা বিক্রি করে দেয়। ফিশারের উত্তরাধিকারীদের দাবি ছিল, নাৎসি আমলে আর্থিক ক্ষতির মুখে পড়েই পরিবারটি ছবিটি ছাড়তে বাধ্য হয়েছিল। মঙ্গলবার সদবিজ জানায়, ব্লাকিয়ে-আরিয়েতা পরিবার ও ফিশার দম্পতির সব আইনি উত্তরাধিকারীর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।
একই সন্ধ্যায় আরও দুটি নিলাম রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দ্য আর্ট নিউজপেপার। মেরি ক্যাসাটের ‘সামারটাইম’ ফিসহ ১ কোটি ৩৩ লাখ ডলারে বিক্রি হয়ে তাঁর নিজের রেকর্ড ভেঙেছে, আর অ্যারন ডগলাসের ‘হ্যারিয়েট টাবম্যান’ বিক্রি হয়েছে ফিসহ ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলারে। পরপর দুটি নিলাম মিলিয়ে সদবিজের মোট বিক্রি ফিসহ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭৮ লাখ ডলারে।








