জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক ফরিদা শাহিদ আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক মিডিয়া অ্যাডভাইজরির বরাতে ইউএনবি জানিয়েছে, সফরে তিনি দেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো মূল্যায়ন করবেন।
সফরকালে তিনি ঢাকা, বান্দরবান ও সিলেটে বৈঠক করবেন বলে অ্যাডভাইজরিতে জানানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ইউনিয়ন, শিক্ষার্থী সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, সরকারের আমন্ত্রণে এই আনুষ্ঠানিক সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের মূল লক্ষ্য থাকবে বৈষম্য ছাড়া সবার জন্য মানসম্মত, ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক আজীবন শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষায় অর্থায়নের বিষয়টি।
ফরিদা শাহিদ বিশেষভাবে সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের দিকে নজর দেবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষায় অর্থায়নসহ অংশীজনদের তোলা অন্যান্য বিষয়ও পরীক্ষা করে দেখবেন।
সফর শেষে আগামী ৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরবেন। পরে ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে তিনি এই সফরের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন বলে মিডিয়া অ্যাডভাইজরিতে জানানো হয়েছে।







