দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক দফায় ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে। নতুন এই দর শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয় এবং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয় বলে জাগো নিউজ জানিয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। গত ৬ নভেম্বর থেকে শুরু করে ধারাবাহিকভাবে দাম কমানোর ফলে আট দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে বলে বাজুসের তথ্যে জানা গেছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ভরি ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।








