সরকার চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। কালের কণ্ঠ জানিয়েছে, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা করা হয়েছে; এর আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।
কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ হাজার ৫২৫ টাকা। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নতুন এই মজুরি চূড়ান্ত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা, যার মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা ও বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা। এর বাইরে চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা করে মোট ২ হাজার ৯০০ টাকার ভাতা সব গ্রেডের শ্রমিকেরাই সমান হারে পাবেন। অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা ও দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের জন্য রাখা হয়েছে চারটি গ্রেড। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা, যার মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা; শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ছয় বছর পর মজুরি বোর্ডের কাঠামো হালনাগাদ হওয়ায় চামড়া ও পাদুকা শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








