ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 1:58 অপরাহ্ন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ভর্তির হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন রোগী।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে এ বছর সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে, যার মধ্যে ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।