গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। শনিবার বিকেলে এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল ধাপেরহাট এলাকায় অভিযান চালায়। ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি করে বিস্ফোরকগুলো পাওয়া যায় বলে জানিয়েছে এসআরবি।
খবর পেয়ে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করে। পরে সেগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম সমকালকে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার করা বোমাগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে বলে তিনি জানান।
তবে বিস্ফোরকগুলো কারা সেখানে রেখেছিল বা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি।








