জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ, প্রথমবার দুই অঙ্কের অবস্থানে

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 8:20 পূর্বাহ্ন

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়ে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এই প্রথম সূচকটিতে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কের ঘরে এলো। ২০২৪ সালের আগের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশের ইজিডিআই স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৬৮৯৩, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই স্কোর নিয়ে বাংলাদেশ ‘উচ্চ ইজিডিআই’ শ্রেণিতে নিজের অবস্থান ধরে রেখেছে। সূচকের দুটি উপাদানেও এসেছে সর্বকালের সর্বোচ্চ স্কোর — অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) ০ দশমিক ৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০ দশমিক ৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ’ প্রকাশ করে। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এই জরিপে ডিজিটাল সরকারের বৈশ্বিক তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে গড় ইজিডিআই স্কোরও বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। এবারের মূল্যায়নে ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে রয়েছে।

ইজিডিআইয়ের মাধ্যমে একটি দেশ সরকারি সেবা দিতে ডিজিটাল প্রযুক্তি কতটা ব্যবহার করছে, তার টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদের সক্ষমতা মূল্যায়ন করা হয়। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স ও হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স — এই তিনটি সূচকের সমন্বয়ে নির্ধারিত হয় একটি দেশের সামগ্রিক অবস্থান।