খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, কেএমপি কমিশনার ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও আট কর্মকর্তার বদলির কথা জানানো হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।








