ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় ভেজাল মদ পানের সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৯টা পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সন্দেহভাজন মিথানল বিষক্রিয়ায় ৩৪৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্তদের বেশির ভাগই চান্দেল জেলার চাকপিকারং ও আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের রাজধানী ইম্ফলের জেএনআইএমএস, রিমস, শিজা ও বাবিনা হাসপাতালসহ একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী য়ুমনাম খেমচাঁদ সিং শিজা ও বাবিনা হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন।
প্রথম মৃত্যুর খবর আসে ১৮ নভেম্বর। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং মৃতের সংখ্যা বাড়তে থাকে। চিকিৎসকেরা মিথানল বিষক্রিয়ার সন্দেহ করলেও চান্দেল জেলা প্রশাসন জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো চিকিৎসা ও বৈজ্ঞানিক পরীক্ষায় নিশ্চিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
চান্দেলের পুলিশ সুপার ধর্মেন্দ্র কুমার জানিয়েছেন, ভুক্তভোগীরা যে মদ পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, তা প্রতিবেশী কাকচিং জেলার সুগনু থেকে কেনা হয়েছিল, চান্দেলে তৈরি হয়নি। পুলিশ আরও জানিয়েছে, জেলায় স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য তাদের কাছে নেই।
ঘটনার পর জেলা প্রশাসন জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎসের মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে প্রশাসন জানিয়েছে।








