ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী পুরোনো সেতুতে ত্রুটি দেখা দেওয়ায় রোববার (২২ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে সেতুটির দুই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এক খুদে বার্তায় জানিয়েছে, মেরামতকাজের জন্য সেতুটি সাময়িকভাবে বন্ধ থাকবে এবং বিকল্প হিসেবে পাশের নতুন সেতু ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে রোববার বিকেলে সেতুটি পরিদর্শনে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়। কালের কণ্ঠ জানিয়েছে, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
আবদুর রহিম আরও জানিয়েছেন, সোমবার (২৩ নভেম্বর) বিশেষজ্ঞ একটি দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামত করতে কত দিন সময় লাগবে, তা জানা যাবে। ফলে সেতুটি কবে আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিকল্প ব্যবস্থা হিসেবে পাশের ঢাকামুখী নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম—উভয়মুখী যানবাহন চলাচল করবে বলে সওজ কর্তৃপক্ষ জানিয়েছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানিয়েছেন, মেরামতের জন্য রোববার বিকেল পাঁচটা থেকে চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকল্প সেতু দিয়ে দুই দিকের যান চলাচলের জন্য হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। যানজট বা ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে—পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল এবং তখন নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করেছে বলে কালের কণ্ঠ জানিয়েছে।








