বিআরটিএতে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০ হাজার টাকা, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত

Tajanews24

Published: নভেম্বর 22, 2026, 5:18 অপরাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। ২০২৬-২৭ অর্থবছরে একজনকে এই ইন্টার্নশিপ দেওয়া হবে বলে রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টার্নশিপটি বিআরটিএর কার্যাবলি বিষয়ে হবে এবং এটি অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত।

আবেদনের যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্তত স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওই পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরাই আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শর্ত অনুযায়ী, ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী শুধু একবারই ইন্টার্নশিপ করতে পারবেন। অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে এবং নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইন্টার্নশিপ চলাকালে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ভাতা পাবেন। তবে এই ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা দেওয়া হবে না। প্রতি মাসের ভাতা পেতে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়ন জমা দিতে হবে। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে সনদ দেওয়া হবে, তবে এই সনদ কোনো চাকরিতে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না এবং ইন্টার্নশিপ শেষে চাকরির দাবিও করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে। যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।