অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক স্কোর দাঁড়িয়েছে ৮ দশমিক ৯। গত বছরের তুলনায় অবস্থান অপরিবর্তিত থাকলেও স্কোর কমেছে ০ দশমিক ১ পয়েন্ট।
গত ২২ নভেম্বর প্রকাশিত এই সূচকে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব—এই আটটি বিষয়ের ১৩১টি সূচকের ভিত্তিতে দেশগুলোর সামগ্রিক ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব মূল্যায়ন করা হয়েছে। স্কোর অনুযায়ী দেশগুলোকে সুপার পাওয়ার, মেজর পাওয়ার, মিডল পাওয়ার ও মাইনর পাওয়ার—এই চার শ্রেণিতে ভাগ করা হয়েছে; ১০-এর কম স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ‘মাইনর পাওয়ার’ শ্রেণিতে।
লোই ইনস্টিটিউটের মূল্যায়নে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দিক ভবিষ্যৎ সম্পদ বা ‘ফিউচার রিসোর্সেস’; এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১৩তম। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কে বাংলাদেশের অবস্থান ২৩তম, যা সূচকে দেশটির সবচেয়ে দুর্বল দিক। প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, কূটনৈতিক প্রভাবে উন্নতি হলেও দুর্বল সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা নেটওয়ার্কের কারণে বাংলাদেশের সামগ্রিক ক্ষমতায় ঘাটতি রয়ে গেছে।
সূচকের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, স্কোর ৭৮ দশমিক ৯; দ্বিতীয় চীন, স্কোর ৭৩ দশমিক ৬ এবং তৃতীয় ভারত, স্কোর ৪০ দশমিক ৫। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ১৫ স্কোর নিয়ে ১৬তম অবস্থানে থেকে ‘মিডল পাওয়ার’ শ্রেণিতে উঠে এসেছে। এ ছাড়া শ্রীলঙ্কা ২১তম, মিয়ানমার ২২তম, নেপাল ২৬তম এবং সর্বশেষ ২৭তম অবস্থানে রয়েছে তিমুর-লেস্তে; আফগানিস্তান এবারের সূচকে অন্তর্ভুক্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সূচকে এশিয়ায় আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠার চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্ষমতার ব্যবধান কমে আসার পেছনে বেইজিংয়ের অগ্রগতির চেয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপের ভূমিকা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








