জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (২১ নভেম্বর) মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিলেটে বাসে আগুন দেওয়া এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবজমিনের প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি নাশকতার ঘটনায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ঘটনা ঘটিয়ে দ্রুত সরে গেছে।
এদিকে বিধিনিষেধের পাশাপাশি নগরজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। মানবজমিন জানিয়েছে, ছয়টি থানা এলাকায় রাত্রিকালীন ব্লক রেইড, চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি এবং আবাসিক হোটেলগুলোতে নজরদারি চালানো হচ্ছে।
এসএমপির তথ্য অনুযায়ী, গত এক মাসে মহানগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব মোটরসাইকেল চালককে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।








