হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন। তবে আংশিক উদ্বোধনের পর টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, টার্মিনালটি পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে। এখন ৩০ নভেম্বরের মধ্যে ঠিকাদারের সঙ্গে মূল চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) ও মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর পরিকল্পনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না; এ কারণেই সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয় বলে তিনি উল্লেখ করেন।
চুক্তির আর্থিক দিক তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগের চুক্তিতে বাংলাদেশের রাজস্ব অংশীদারত্ব ছিল ১৫ শতাংশ; জাপানি পক্ষের সঙ্গে আলোচনা করে তা বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে, অর্থাৎ আগের চেয়ে ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে বাংলাদেশ। তবে সব উড়োজাহাজ নতুন টার্মিনালে আসা শুরু হলে ছয় মাস পর থেকে পূর্ণ ২৭ শতাংশ হারে রাজস্ব মিলবে। চুক্তির একটি শর্ত অনুযায়ী আগামী ১৫ বছরের মধ্যে টার্মিনালের ১০০ কিলোমিটারের ভেতরে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না; সম্ভাব্যতা যাচাই করে সরকার শর্তটি মেনে নিয়েছে বলে মন্ত্রী জানান।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত এই টার্মিনালটির অবকাঠামো নির্মাণ শেষ হলেও পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিয়ে জটিলতায় এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যায়নি। সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশন ও সোজিতজ করপোরেশনসহ জাপানি প্রতিষ্ঠান রয়েছে। চুক্তি সই সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর থেকে হিসাব করে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গ সক্ষমতায় চলবে বলে আশা প্রকাশ করেন বিমানমন্ত্রী।








