বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন ডলারের ‘Slum Improvement in Dhaka City’ প্রকল্প এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলারের ‘Bangladesh Strategic Flood Resilience Program’ নিয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ঢাকার বস্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে কড়াইল ও ভাসানটেকের মতো এক-দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী দু-এক বছরের মধ্যে সেখানে মডেল প্রকল্প তৈরি করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। তবে প্রকল্পের বিস্তারিত এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
উপকূলীয় অঞ্চল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই এলাকার মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রা আরও টেকসই ও দুর্যোগসহনশীল করা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানোই ২০০ মিলিয়ন ডলারের কর্মসূচির লক্ষ্য।
বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে, তাই সংস্থাটিকে সবসময় গুরুত্ব দেওয়া হয়।








