গাজীপুর মহানগরীর গাছায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে পুলিশের সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি হিসেবে শনাক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গাছা থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মো. রফিকুল ইসলাম (২৪)। তিনি নীলফামারীর জলঢাকা এলাকার মো. ফজলুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি গাছা থানার সাইনবোর্ডের মেম্বারবাড়ী সড়কে একটি বাড়িতে ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের সময় গাছার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় কর্তব্যরত জিএমপির উপপুলিশ কমিশনারের (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় ১৯ নভেম্বর গাছা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় ৪৭ নম্বর মামলা করা হয়।
জিএমপি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রফিকুল ইসলামকে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, ফুটেজে তাঁকে গাড়িতে আগুন দেওয়া ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড, ভূষিরমিল ও হারিকেন এলাকায় শ্রমিকদের আন্দোলনে উসকানি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের দিকনির্দেশনায় গাছা থানার উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন ও উপপরিদর্শক মো. সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।








