মোহাম্মদপুর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন বলে ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের উপপরিদর্শক মো. খায়ের উদ্দিন ভুঁইয়া আজিজুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের নাম-ঠিকানা প্রকাশ করেছেন এবং মামলার ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী কায়েস আহমেদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাত পৌনে আটটার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ সেদিন রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে আটক করে, তবে অন্যরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এক আসামির কাছ থেকে ককটেল তৈরির উপাদান জব্দ করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির তেজগাঁও জোনের একটি দল সোমবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।
আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, যশোরে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।








