বাংলাদেশি পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা রাখতে চায় কানাডা

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 12:29 অপরাহ্ন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে টেকসই করতে বাংলাদেশি পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানানো হয় বলে বৈঠক শেষে জানানো হয়েছে।

সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ। বৈঠকে পাঁচ দশকের বেশি সময়ের দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষের প্রতিনিধিরা। সভায় অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও আলোচনায় স্থান পায় বলে জানানো হয়েছে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে কানাডার ভূমিকার কথাও বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। এ ছাড়া গত অক্টোবরে ঘোষিত ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা অর্থনৈতিক শাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা ও কৃষি উদ্ভাবনে ব্যয় হবে বলে বৈঠকসংশ্লিষ্ট বিবরণীতে উল্লেখ করা হয়।