আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাসই পতিত আওয়ামী লীগের আসল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। যুগান্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এখন যে অগ্নিসন্ত্রাস চলছে, তা-ই আওয়ামী লীগের আসল চরিত্র। তাঁর ভাষায়, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সঠিক ছিল। দেশ ও গোটা জাতি এখন জেনেছে, এই সিদ্ধান্তে সরকার কোনো ভুল করেনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার তার সবই নেবে বলে জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
একাত্তর টিভি জানিয়েছে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে ভালো ছাত্রদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বানও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না।







