মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করতে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সমাবেশের মধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি নিতেই যৌথ সভাটির আয়োজন করা হয় বলে তিনি উল্লেখ করেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, বিজয়ের মাসজুড়ে নানা কর্মসূচি পালন করবে বিএনপি, যার কেন্দ্রে থাকবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে কৃত্রিম সংকট ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতা-কর্মী হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে।
নাশকতা মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।







