ইউরো ব্যবহারকারী দেশগুলোর নেতারা স্পেনের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান পাবলো হার্নান্দেজ দে কসকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানান, ইউরো অঞ্চলের সদস্য দেশগুলো দে কসকে নতুন প্রেসিডেন্ট হিসেবে সুপারিশ করতে একমত হয়েছে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের স্থলাভিষিক্ত হবেন।
আল জাজিরা জানিয়েছে, ৫৫ বছর বয়সী দে কস হবেন এই পদে বসা প্রথম স্প্যানিশ নাগরিক। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। লাগার্দ তাঁর আট বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ৭ ফেব্রুয়ারি পদ ছাড়বেন বলে জানিয়েছেন, আর দে কস ফেব্রুয়ারিতেই দায়িত্ব নেবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ২১টি ইউরো অঞ্চলভুক্ত দেশের নেতারা ইসিবির আরও দুটি শীর্ষ পদেও নাম চূড়ান্ত করেছেন। ফ্রান্সের লরেন্স বুন ও জার্মানির মার্কাস ব্রুনারমেয়ারকে ব্যাংকটির নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে সুপারিশ করা হয়েছে। কস্তা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক নিয়োগের পথ খুলে গেল। তবে দে কসের মনোনয়নকে এখনও ইউরোপীয় পার্লামেন্ট ও ইসিবির গভর্নিং কাউন্সিলের পর্যালোচনার ধাপ পার হতে হবে, যদিও এপি বলেছে, এসব ধাপ মূলত আনুষ্ঠানিকতা।
এপি আরও জানিয়েছে, এই প্রতিযোগিতায় দে কস পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ক্লাস নটকে, যাঁকে সুদের হার বাড়ানোর পক্ষের ‘হক’ হিসেবে দেখা হয়। বিপরীতে বিশ্লেষকেরা দে কসকে তুলনামূলক কম সুদের হার ও অর্থনৈতিক উদ্দীপনার পক্ষের ‘ডাভ’ ধাঁচের নীতিনির্ধারক মনে করেন। কূটনীতিকেরা তাঁকে বাস্তববাদী ও ঐকমত্য গড়ায় দক্ষ একজন ‘স্থির হাত’ হিসেবে বর্ণনা করেছেন বলে আল জাজিরা জানিয়েছে।
দায়িত্ব নেওয়ার পর দে কসকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। এপি জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে তৈরি মূল্যস্ফীতি, ইউরোপের বিভিন্ন সরকারের বড় ঋণের বোঝা ও বাড়তে থাকা ধার নেওয়ার খরচ সামলানোই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ। ফ্রাঙ্কফুর্টভিত্তিক ইসিবি ইউরো অঞ্চলের ৩৫ কোটি ৯০ লাখ মানুষের জন্য সুদের হারের মানদণ্ড ঠিক করে, ফলে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে পুরো ইউরোপের অর্থনীতিতে।








