রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতিমা রহমানের নামে থাকা ২১টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের গোপালগঞ্জ ও ঢাকায় থাকা মোট ৬৫৫ শতাংশ জমি জব্দ, দুটি ব্যাংক হিসাব ও একটি বিমা হিসাব অবরুদ্ধ এবং একটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনি আদালতে এ আবেদন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আবেদন সূত্রে জানা গেছে, জব্দের আদেশ পাওয়া সম্পদের মধ্যে অপূর্ব হাসানের নামে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৩৯২ দশমিক ৯ শতাংশ জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৩২ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া ঢাকার বাড্ডায় তাঁর নামে আরও ৬ দশমিক ২৫ শতাংশ জমি রয়েছে। অন্যদিকে স্ত্রী ফাতিমা রহমানের নামে কাশিয়ানীতে ২৫৫ দশমিক ৯২ শতাংশ জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৪৩ লাখ ৪৭ হাজার টাকা। দুদকের তথ্য অনুযায়ী, অপূর্বের নামে ১০টি ও তাঁর স্ত্রীর নামে ১১টি স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।
এ ছাড়া অপূর্ব হাসানের দুটি ব্যাংক হিসাবে থাকা ৬ লাখ ৮৩ হাজার ২০ টাকা এবং ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি বিমা পলিসি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। ওই বিমা হিসাবে জমা রয়েছে ৮ হাজার ৯২৯ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, অপূর্ব হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি ও তাঁর স্ত্রী তাঁদের সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন; সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে বলেই জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। অপূর্ব হাসানের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সামন্তহাটি এলাকায়।








