মিশরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 3:49 পূর্বাহ্ন

মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী একটি ট্যাংকার উল্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আরও ২১ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় গিজা প্রদেশের ওয়াররাক এলাকায় রিং রোডে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর সেখান থেকে পেট্রোল আশপাশের যানবাহনের ওপর ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের বড় শিখা ও ঘন কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে যেতে দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার তদারকি করতে কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। উদ্ধার অভিযান শেষে মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। মিশরের সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান, এরপর ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটিতে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।