যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরে সংসদ পরিচালনা, আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার পদ্ধতি নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
সংসদ সচিবালয় জানায়, ওয়েস্টমিনিস্টারে আয়োজিত কর্মসূচিগুলোতে সংসদীয় কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক পদ্ধতি ও কমিটির কার্যকারিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সফরকালে হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা এবং সদস্যদের অধিকার ও বিশেষাধিকার রক্ষার বিষয়ে মতবিনিময় হয়। এ ছাড়া বিতর্ক পরিচালনা, প্রশ্ন উত্থাপন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও পয়েন্ট অব অর্ডারসংক্রান্ত কার্যপদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদ সদস্যদের আচরণবিধি, নৈতিকতা ও বিশেষাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন চিফ হুইপ। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন ও একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
প্রতিনিধিদল হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সদস্য ও কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তার কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম শক্তিশালী করা ও আইন প্রণয়নের মান উন্নয়নে সহায়ক হতে পারে।







