নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ বার গুলির ঘটনা ঘটেছে বলে প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই সময়ে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন আরও একজন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, আবার কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গুলির ঘটনা ঘটায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু ২৪ নভেম্বর এক দিনেই নগরের সাতটি স্থানে গুলি ছোড়া হয়। সেদিন বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, লবণচরায় পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি এবং সোনাডাঙ্গার পালংকি রেস্তোরাঁ লক্ষ্য করেও গুলি চলে। একই দিন রাতে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় গুলিতে নিহত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবদুল হালিম। পরদিন ২৫ নভেম্বর দক্ষিণ টুটপাড়ায় এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে, যার পেছনে চাঁদা না দেওয়ার অভিযোগ রয়েছে।
মাসের শুরু থেকেই খুলনায় হামলা ও গোলাগুলি চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১ নভেম্বর আড়ংঘাটায় তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়, ২ নভেম্বর রূপসায় দুই তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তারিকুল ইসলাম শেখ, রূপসায় বিএনপি নেতা মো. জাকির হোসেনসহ আরও কয়েকজন গুলিতে প্রাণ হারান কিংবা আহত হন। হতাহতদের মধ্যে পাঁচজনের সরাসরি রাজনৈতিক পরিচয় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথম আলো জানিয়েছে, আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব হামলা হচ্ছে এবং সাধারণ মানুষও এর মধ্যে পড়ছেন। চাঁদার দাবিতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসবের প্রতিবাদে ১০ নভেম্বর নগরে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মহানগর এলাকা থেকে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি উদ্ধার করা হয়েছে; অস্ত্র আইনে ৪৮টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৮১ জন। জেলা পুলিশ ২৫ নভেম্বর পর্যন্ত উদ্ধার করেছে ৩২টি আগ্নেয়াস্ত্র। পুলিশের হিসাবে, চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরে ৪১ জন ও জেলায় ৪০ জনসহ মোট ৮১ জন নিহত হয়েছেন।








