গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় হবে না, যুবসমাজ ফ্যাসিবাদকে ফিরতে দেবে না: জামায়াত আমির

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 7:10 অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের এই রায় বাস্তবায়নে তাঁর দল কোনো ছাড় দেবে না। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে রাইজিংবিডি জানিয়েছে।

‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক ওই মতবিনিময় অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে দেবে না, বসতেও দেবে না। তবে একটি দল সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গেই গণভোটের রায় অস্বীকার করেছে এবং এর মধ্য দিয়েই দেশে নতুন সংকট তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ বিতাড়িত ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, আর ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি আগের চেয়েও দ্রুতগতিতে চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী যারা ১৪ শতাধিক মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, তাদেরই কেউ কেউ আশ্রয় দিচ্ছেন—এটি গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা বলে তিনি মন্তব্য করেন।

ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন, কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে তরুণরা অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করতে হবে। ছাত্রজীবন শেষ হওয়ার পর হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার এবং নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অধিকার আদায়ে ২০২৪ সালের মতো তরুণদের আবারও লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।