গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করা, জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহারসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা এক বিবৃতিতে বৃহস্পতিবার এসব দাবি জানানো হয় বলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। দাবির মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক দলের বাহিনী হিসেবে নয়, রাষ্ট্রের বাহিনী হিসেবে দায়িত্ব পালন করা এবং জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবমুক্ত থেকে সাংবিধানিক দায়িত্ব পালন করা।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাভাবিক রেল যোগাযোগ চালু করা, জেলার জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা বন্ধ বা বাতিল না করা এবং জেলার জনগণকে বৈষম্যের শিকার না করা। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রত্যাহার এবং নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবিও জানানো হয়েছে।
বিবৃতিতে জেলার সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে জমির দলিল নিবন্ধনসহ জরুরি সেবা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং যাচাই ছাড়া প্রকাশিত সেসব সংবাদ প্রত্যাহার করে যথাযথ সংশোধনী প্রকাশের দাবি তোলা হয়েছে।
এর আগে জেলা প্রশাসনের সংকলিত একটি নথির বরাতে জানা গেছে, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক সহিংসতায় গোপালগঞ্জে তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। ওই সময় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং হাসপাতালও হামলা থেকে রেহাই পায়নি বলে নথিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসনের হিসাবে এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আর এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।








