গ্রামীণ ব্যাংকের শাখা-কার্যালয়ে হামলার ঘটনা বেড়ে ১১০, শুক্রবারও দুই শাখায় পেট্রল বোমা হামলা

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 7:56 অপরাহ্ন

গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলার ঘটনা বেড়ে ১১০টিতে দাঁড়িয়েছে। ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়ান্স বিভাগের তৈরি সর্বশেষ অভ্যন্তরীণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় পেট্রল বোমা, পেট্রলসহ নানা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে বগুড়ার নামুয়া শাখা ও লক্ষ্মীপুরের উত্তর চরবংশী শাখায়। দুই ক্ষেত্রেই কার্যালয়ের বাইরে পেট্রল বোমা বা পেট্রল ব্যবহার করা হলেও ভেতরে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তবে আগের কয়েকটি ঘটনায় কার্যালয় ভবন, আসবাব, গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে, আবার কয়েকটি চেষ্টায় ক্ষতি সামান্য বা একেবারেই হয়নি।

এর এক দিন আগে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছিল, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার কারণে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, এই ব্যাঘাতে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। চলমান বোরো মৌসুমের ঋণ এবং ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণের ঋণ পেতেও গ্রাহকদের ভোগান্তি হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, সংশ্লিষ্ট ইউনিটগুলোকে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে; স্থানীয় পুলিশকে ঝুঁকিপূর্ণ শাখাগুলোতে নজরদারি ও টহল বাড়াতে বলা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তার আবেদন বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, হামলার পেছনে কোনো অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদও সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত ৩৪টি ঘটনায় ৮টি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংক দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এলাকা কার্যালয়, ৪০টি আঞ্চলিক কার্যালয় ও ৪০টি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম চালায় এবং ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা এর ঋণগ্রহীতা সদস্যদের হাতে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও এসব হামলায় উদ্বেগ জানিয়ে বলেছে, এতে কর্মী ও সদস্যদের পাশাপাশি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের অর্থনৈতিক অধিকার ঝুঁকিতে পড়ছে।