স্পেনে আজ রোববার আগাম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে ১৯৭৫ সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের পর প্রথমবারের মতো কট্টর ডানপন্থীরা জাতীয় সরকারে জায়গা পেতে পারে। ভোটাররা নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজের ৩৫০ আসনের পাশাপাশি সিনেটের ২০৯ জন সদস্যও নির্বাচিত করবেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন, যখন সংসদে তাঁর সরকারের আবাসন স্বস্তি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। ভাড়া ও বাড়ির দাম নিয়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেই ওই প্রস্তাব বাতিল হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) তথ্য অনুযায়ী, এবার ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ৩ কোটি ৮৭ লাখ। স্থানীয় সময় সকাল নয়টায় ভোটকেন্দ্র খুলবে এবং রাত আটটায় বন্ধ হবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক ফল রোববার মধ্যরাতের আগেই স্পষ্ট হয়ে যাওয়ার কথা রয়েছে।
জনমত জরিপগুলো বলছে, মধ্য-ডানপন্থী পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে, তবে ৩৫০ আসনের কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬ আসনে পৌঁছাতে দলটিকে কট্টর ডানপন্থী ভক্সের সমর্থন লাগতে পারে। বিভিন্ন জরিপের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, পিপি প্রায় ৩১ শতাংশ ভোট পেয়ে ১৩০টির মতো আসন, সানচেজের সমাজতান্ত্রিক দল পিএসওই ২৭ থেকে ২৮ শতাংশ ভোটে প্রায় ১১০ আসন এবং ভক্স ১৮ থেকে ১৯ শতাংশ ভোটে ৬০টির বেশি আসন পেতে পারে।
আট বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সানচেজ ১৯৭৮ সালের পর স্পেনের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী। তবে তাঁর স্ত্রী, ভাই ও সাবেক ঘনিষ্ঠ সহযোগীদের ঘিরে দুর্নীতির তদন্ত তাঁর শেষ দুই বছরকে ছায়ায় ফেলেছে বলে আল জাজিরা জানিয়েছে। অন্যদিকে ২০২২ সাল থেকে পিপির নেতৃত্বে থাকা আলবের্তো নুনিয়েজ ফেইহো ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেননি। সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন ভক্স অভিবাসনবিরোধী কঠোর নীতি, কর হ্রাস এবং কাতালান ও বাস্ক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রচার চালিয়েছে।
এবারের নির্বাচনে প্রধান ইস্যুগুলোর মধ্যে রয়েছে আবাসন সংকট, অভিবাসন, দুর্নীতি ও স্বাস্থ্যসেবা। স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশে প্রায় সাড়ে সাত লাখ বাড়ির ঘাটতি রয়েছে, আর গড় মাসিক ভাড়া ১ হাজার ১৭৬ ইউরোতে পৌঁছেছে, যা তরুণদের গড় মাসিক বেতনের প্রায় সমান। অভিবাসন প্রশ্নে সানচেজ অনিয়মিত অভিবাসীদের বৈধতার পথ খুলে দিলেও ভক্স সব অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং পিপি সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার কথা বলেছে।








