ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে আটটি দেশ। রয়টার্স জানিয়েছে, শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান।
বিবৃতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নির্বাচন পেছানোর সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। আইনসভা নির্বাচনটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭ সালের শুরুর দিকে হওয়ার কথা ছিল। কিন্তু গত অক্টোবরে আব্বাস দুটি নির্বাচনই পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
আট দেশের মন্ত্রীরা বলেছেন, ফিলিস্তিনে শেষ জাতীয় নির্বাচনের পর ২০ বছর পেরিয়ে গেছে, তবু ফিলিস্তিনিরা ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। তাঁদের ভাষায়, ফিলিস্তিনি ভূখণ্ডে গণতান্ত্রিক নবায়নের জন্য এই ভোট অপরিহার্য এবং তা দ্বিরাষ্ট্র সমাধান টিকিয়ে রাখার সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে জড়িত। অবাধ ও স্বচ্ছ নির্বাচন ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রে গণতান্ত্রিক নীতিগুলো রক্ষার জন্যও জরুরি বলে বিবৃতিতে বলা হয়েছে।
মন্ত্রীরা সব পক্ষকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন আয়োজনে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি তাঁদের অব্যাহত সমর্থন সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের প্রতিশ্রুতি রক্ষার সঙ্গেই জড়িত। নির্বাচনকে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফেরার জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আব্বাসের কার্যালয় গত অক্টোবরে জানিয়েছিল, ইসরায়েলি পদক্ষেপের সৃষ্ট বাধা এবং উপযুক্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি তৈরির প্রয়োজনের কারণেই নির্বাচন পেছানো হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থার বরাতে জানা গেছে, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় চলাচলে ইসরায়েলি বিধিনিষেধ এবং গাজার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির কথাও সে সময় উল্লেখ করা হয়েছিল। তবে ইসরায়েল বিলম্বের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে খবরে বলা হয়েছে।








