পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ, প্রধান ফটকে আগুন

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 10:50 পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে। ককটেল প্রধান ফটকে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়।

গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের সামনে এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতেও দুর্বৃত্তরা একই শাখায় হামলার চেষ্টা করেছিল, তবে নৈশপ্রহরীদের তৎপরতায় তা সফল হয়নি। পরে শনিবার ভোররাতে তারা আবার এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানিয়েছেন, কয়েকজন মুখোশধারী ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।