প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে নয়, জোটগতভাবে বসতে চায় জামায়াত, সরকারও ইতিবাচক

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 8:21 অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত। তবে এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপ বা আলোচনা হোক; সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমি হতে পারে বলে বিরোধী দল মনে করে। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ শুক্রবার প্রথম আলোকে বলেন, জামায়াত একক দল হিসেবে অংশ না নিয়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে সংলাপে যেতে চায়। উভয় পক্ষের সময়ের সঙ্গে সমন্বয় করে ১১ দলের সম্মিলিতভাবে সংলাপের উপযোগী স্থান নিয়ে আলোচনা চলছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও ১১-দলীয় ঐক্যসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনসিপি জোটগত আলোচনায়ও অংশ নেবে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দলের জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্য গঠনের বিষয়েও সরকারের সদিচ্ছা রয়েছে। তবে আলোচনার দিনক্ষণ এখনো ঠিক হয়নি এবং সরকারের দিক থেকে এটিকে ‘সংলাপ’ বলতে চাওয়া হচ্ছে না বলেও সূত্রটি জানিয়েছে।

জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি দল থেকে দুজন করে অংশ নিলে প্রতিনিধিদল বড় হবে, সে জন্য উপযোগী স্থান প্রয়োজন; সচিবালয়ে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ধরনের বৈঠক হয়েছে, ১১ দলকে নিয়ে তারা সেভাবে বসতে চান না। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন নেতা শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, বিরোধী জোটের পক্ষ থেকে যমুনা অথবা ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ১১-দলীয় ঐক্যের শরিক একটি দলের শীর্ষ নেতা জানিয়েছেন, প্রথমে ২৭ বা ২৮ নভেম্বর বৈঠকের প্রাথমিক আলোচনা ছিল, এখন ২৯ নভেম্বরের কথাও শোনা যাচ্ছে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।