ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’ পরিচালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। ডিএসসিসি সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং বেশ কিছু মালামাল জব্দ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ও সচেতনতাও প্রয়োজন। কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন—এ আহ্বান জানান তিনি।
খয়বর রহমান আরও জানান, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সাপ্তাহিক এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি সামনের সপ্তাহগুলোতেও একইভাবে সব ওয়ার্ডে একযোগে চলবে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, মশাবাহিত রোগের প্রকোপ কমাতে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।








