ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 11:33 অপরাহ্ন

দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণবার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বলে দূতাবাস জানিয়েছে।

আমিরাতের প্রধানমন্ত্রী বলেছেন, মানবজাতির জন্য আরও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। তিন দিনব্যাপী এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের নেতারা একত্রিত হন। এই সম্মেলনে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ফলে ২০২৭ সালের আসরেও বিশ্বের বিভিন্ন প্রান্তের শীর্ষ নেতাদের বড় সমাবেশ ঘটবে বলে ধারণা করা হচ্ছে।