গত ২২ দিনে রাজধানীসহ সারা দেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রোববার (২৯ নভেম্বর) সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এই পরিসংখ্যান জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাগুলো ঘটেছে গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, একই সময়ে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৮টি গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৫২টি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সদর দপ্তর জানিয়েছে।
সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন এবং গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ এই তৎপরতার পেছনে একটি গোষ্ঠীকে দায়ী করেছে। এ ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দিন-রাত কাজ করছেন বলে সদর দপ্তর জানিয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন। সভায় তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এ জন্য টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও বাড়াতে হবে।
আইজিপি পুলিশ সদস্যদের যেকোনো পরিস্থিতি পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করার কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং এসবে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলভাবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।







