সিকদার পরিবারের ৮ উড়োজাহাজ জব্দের নির্দেশ, সেন্ট কিটসের রিসোর্ট ও বিদেশি ব্যাংক হিসাবও ক্রোকের আওতায়

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 10:03 অপরাহ্ন

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের মধ্যে সিকদার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট আটটি উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন বলে দুদক জানিয়েছে। একই দিন পৃথক আদেশে পরিবারটির সদস্যদের বিদেশে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি বিলাসবহুল রিসোর্টের সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।

জব্দের তালিকায় থাকা আটটি এয়ারক্রাফট রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের। দুদকের আবেদন অনুযায়ী, এর মধ্যে ছয়টি হেলিকপ্টার — দুটি রবিনসন-৬৬, একটি বেল-২৩০, দুটি ইউরোকপ্টার-১৩০ বি৪ ও একটি বেল-৪৩০ — এবং দুটি উড়োজাহাজ — একটি হকার-৮০০এ বিজনেস জেট ও একটি পিয়াজিও-১৮০ আভান্তি-২। সব কটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা আছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশে এয়ারক্রাফট অপারেটর হিসেবে নিবন্ধিত এবং বিমানবন্দরটি থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করে।

দুদকের আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে আমানতকারীদের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের একটি যৌথ দল কাজ করছে। আবেদনে আরও বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা উড়োজাহাজ ও হেলিকপ্টারগুলো গোপনে বিক্রির চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে; অনুসন্ধান শেষ হওয়ার আগে সেগুলো বিক্রি বা হস্তান্তর হলে আলামত শনাক্ত ও সম্পদ পুনরুদ্ধারে বাধা তৈরি হতে পারে। দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় ক্রোকের আবেদনটি করেন কমিশনের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

বিদেশি সম্পদের ক্ষেত্রে আদালত রিক হক সিকদার, রন হক সিকদার ও পারভীন হক সিকদারের সিঙ্গাপুরে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন বলে দুদক জানিয়েছে। অন্যদিকে নিক হক সিকদারের ক্ষেত্রে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে; দুদকের আবেদন অনুযায়ী, ২০১৮ সালে ওই হিসাবগুলোতে সর্বোচ্চ স্থিতি ছিল ২৩ লাখ ৪৭ হাজার ৫৯৯ মার্কিন ডলার।

একই আদেশে দেশটির রাজধানী বাসেতেরেতে অবস্থিত কই রিসোর্ট অ্যান্ড রেসিডেন্সেস, কিউরিও কালেকশন বাই হিলটনের সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।