মহাজাগতিক সত্তা ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে এতদিন পদার্থবিজ্ঞানীদের ধারণা ছিল যে, এগুলো কেবল একে অপরের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু কখনোই বিভক্ত হয় না। বিশাল মাধ্যাকর্ষণ শক্তির আধার এই ব্ল্যাকহোলগুলো ধসে পড়া বিশাল নক্ষত্র থেকে তৈরি হয় এবং এদের তীব্র টানে আলোও ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত পার হতে পারে না। তবে সম্প্রতি ‘ফিজিক্যাল রিভিউ ডি’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা এমন এক সম্ভাবনার কথা জানিয়েছেন, যা এতদিন অসম্ভব বলে বিবেচিত হতো। গবেষণায় বলা হয়েছে, সর্বোচ্চ গতির কাছাকাছি ঘূর্ণনরত ব্ল্যাকহোল তাত্ত্বিকভাবে দুভাগে ভেঙে যেতে পারে। মহাবিশ্বের রহস্যে ঘেরা এই ব্ল্যাকহোল সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্ল্যাকহোল মহাকাশের এমন একটি অঞ্চল, যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আলো পর্যন্ত ইভেন্ট হরাইজন নামের সীমানা পার হয়ে বের হতে পারে না। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, ইভেন্ট হরাইজন এমন একটি বিন্দু চিহ্নিত করে, যার বাইরে স্থান ও সময়ের স্বাভাবিক ধারণা বদলে যায়। এই প্রক্রিয়া এরিয়া থিওরেমের পরিপন্থী এবং তাত্ত্বিকভাবে অসম্ভব।
ব্ল্যাকহোলের এই বিভাজনের বিষয়টি বোঝার জন্য ইভেন্ট হরাইজনের গঠনপ্রক্রিয়া ও তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাহায্য নিয়েছেন গবেষকরা।
পদার্থবিদ স্টিভেন হকিংয়ের প্রস্তাবিত ‘ব্ল্যাকহোল এরিয়া থিওরেম’ অনুযায়ী, কোনো সাধারণ প্রক্রিয়ায় একটি ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজনের মোট ক্ষেত্রফল কখনোই কমতে পারে না। সাধারণত দুটি ব্ল্যাকহোল একত্র হলে তাদের মিলিত ইভেন্ট হরাইজন বড় আকার ধারণ করে, যা এই ক্ষেত্রফল বৃদ্ধির নীতি বজায় রাখে। বিপরীত দিকে, একটি ব্ল্যাকহোল যদি দুটি ছোট অংশে বিভক্ত হওয়ার চেষ্টা করে, তবে তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যাওয়ার কথা। এই বিষয়টি তাপগতিবিদ্যার এনট্রপি ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় এতদিন বিজ্ঞানীরা বিভাজনের সম্ভাবনাকে বাতিল করে দিয়েছিলেন। এনট্রপি মূলত একটি ভৌত সিস্টেমের মাইক্রোস্কোপিক বিন্যাসের পরিমাপ।
তবে নতুন এই গবেষণায় উঠে এসেছে ব্ল্যাকহোলের ঘূর্ণনগতির বিষয়টি। বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাকহোলের ভর, কৌণিক ভরবেগ এবং ইভেন্ট হরাইজনের গঠন নির্ধারণে ঘূর্ণন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। গবেষণায় ‘পেয়ার-অফ-প্যান্টস টপোলজি’ নামক একটি ধারণার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। ঠিক যেমন একটি ট্রাউজারের ওপরের অংশ যুক্ত থাকলেও নিচের দুটি পা আলাদা হয়ে যায়, তেমনি নির্দিষ্ট কিছু শর্তে দ্রুত ঘূর্ণনরত কোনো ব্ল্যাকহোল তার ইভেন্ট হরাইজনকে বিভক্ত করে দুটি ছোট ব্ল্যাকহোলে রূপান্তরিত হতে পারে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১০ এপ্রিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো ব্ল্যাকহোলের ছায়ার ছবি ধারণ করার মাধ্যমে এর অস্তিত্বের দৃশ্যমান প্রমাণ দিয়েছিল। তার আগে মহাকাশবিজ্ঞানীরা মূলত গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করেই এই রহস্যময় সত্তা নিয়ে কাজ করতেন। যদিও ব্ল্যাকহোলের বিভাজন নিয়ে নতুন যে তাত্ত্বিক সম্ভাবনা উঠে এসেছে, তা এখনো বাস্তবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। তবুও এই গবেষণা কৃষ্ণগহ্বরের আচরণ এবং মহাবিশ্বের মৌলিক নীতিগুলো বোঝার ক্ষেত্রে এক নতুন দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অস্বাভাবিক এই সম্ভাবনা বুঝতে হলে প্রথমে বিশাল ব্ল্যাকহোলগুলোর গঠনপ্রক্রিয়া জানা প্রয়োজন। বিজ্ঞানীদের মতে, ব্ল্যাকহোলের বিভাজন অসম্ভব মনে করার পেছনে কেবল মহাকর্ষই একমাত্র কারণ নয়, এর সঙ্গে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র–সম্পর্কিত এনট্রপির ধারণাও জড়িত।








