সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন করেছেন বনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কয়েক শ নৌকা নিয়ে নদীতে ভাসমান অবস্থায় এ কর্মসূচি পালন করা হয় বলে দেশ রূপান্তর জানিয়েছে।
সুন্দরবনে বনদস্যু নির্মূল কমিটির উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়। সংগঠনটি গত ২৬ অক্টোবর বনদস্যু নির্মূলের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছিল। কর্মসূচিতে কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন, মুখ্য সমন্বয়ক মাস্টার আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা ও বিপুলসংখ্যক জেলে-বাওয়ালি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনকে বনদস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে নতুন নতুন বাহিনীর নামে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি আবার শুরু হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। জীবনের ঝুঁকি নিয়ে বনে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও বক্তারা জানান।
বক্তারা বন বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ২৪ ঘণ্টা যৌথ টহল জোরদার করার দাবি জানান। একই সঙ্গে সক্রিয় দস্যু বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং স্থলভাগে থাকা তাদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। অপহৃত জেলেদের উদ্ধারের দাবিও ওঠে কর্মসূচি থেকে।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যু নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে একই দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে বলেও আয়োজকেরা জানান।








